কবিতা ✍ Final Exposer

আলোকবর্ষ দূরে

আলোকবর্ষ দূরে

মুনমুন মুখার্জ্জী (বার্ণপুর, পশ্চিম বর্ধমান)

আলোকবর্ষ দূরে গিয়েছ সে তো অনেক দিন হল,
বলো না মাগো বাবার সাথে তুমি ভালো আছো তো?
দুর্গাপুজো এলেই জানো অনেক কথা মনে পড়ে।
মনে আছে মা, ঠাকুর দেখতাম তোমার হাতটা ধরে।
বাবা বলত "শক্ত করে ধর, নাহলে পড়ে যাবে"।
বিয়ের পরেও ঘুরেছি সবাই ঠিক এমন করে কত..
তোমার খুব সম্মানে লাগত.. সে তো আমরা জানি,
কিন্তু চোখে তুমি কম দেখতে সেটাও তো মানতে হবে।
চরণ-বাবুর গাড়িতে চেপে ঘুরতাম সবাই মিলে,
দেখতে দেখতে কখন যেন পুজোটা পেরিয়ে যেত।
এখনও পুজোর সময় মনে পড়ে যায় সেদিনের কথা,
মহালয়ার পরের দিনে আমরা মনে পেয়েছিলাম ব্যথা।
জানি না কোন অভিমান নিয়ে বাবা চলে গিয়েছিল,
তারপরে যেন হঠাৎ করেই পৃথিবীটা বদলে গেল।
শান্তির আশায় বাবার ডাকে তুমিও হারিয়ে গেলে,
শুধু স্মৃতির ঝাঁপিতে চিরতরে তোমরা রয়ে গেলে।
ভালো থেকো তোমরা দুজনেই, দেখা হবে কোনোদিন..
আমিও ঠিক রওনা দেব, আগে শোধ করি দায়-ঋণ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার