কবিতা ✍ Final Exposer

তারা খসা

তারা খসা

দীপশিখা পাত্র খাঁ (কলকাতা)

আকাশের গায়ে গায়ে ফুটে উঠছে
একটা দুটো করে তারা,
লাজনম্রা গোধূলি তার ঘোমটা খানিক সরিয়ে
টুক করে দেখে নিল আকাশের কোনটা।
নিকোনো উঠোন,সন্ধ্যামণির ঝোপ আলোয় মাখা,
এসো দুদন্ড জিরিয়ে নিই।
দীর্ঘ সময়,হাতে হাত, ফিসফিস
ক্রমে শব্দের অনুরণন ক্ষীণ হতে ক্ষীণ।
এসো কিছু সময় মুখোমুখি বসি
এসো তোমার উষ্ণতা ধার করে
একবার জ্বলে উঠে খসে যাই তারা খসার মত।
হয়তো দুটো না ঘুম আসা চোখ
দ্রুত ছুটে চলা আলোর গতির দিকে তাকিয়ে
পূরণ করতে চাইবে মনের আশ,
কিন্তু ততক্ষণে জ্বলে ছাই হয়ে গেছে
একটা নাম না জানা তারার ভালোবাসা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার