কবিতা ✍ Final Exposer

আমিই জানতাম না

আমিই জানতাম না

তনুশ্রী সামন্ত (ডেবরা, পশ্চিম মেদিনীপুর)

তোমরা তাকে দোষ দিওনা,
অপবাদ দিয়োনা তাকে।
সে তো আমার থেকেও বেশি চিনতো আমাকে!
তাইতো যখন তার কাছে গেলাম
সে আমাকে হাত ধরে নিয়ে গেলো এক শূন্য প্রান্তরে!

তারপর…?

তারপর সেই অসীম শূন্যতায় আমাকে নিক্ষেপ করে দিয়ে
চলে গেলো নির্মমভাবে!
আমি চিৎকার করলাম!
আমি রাগ করলাম…. অভিমান করলাম… হাসলাম… কাঁদলাম…. !
আর আমার ফোঁটা ফোঁটা কান্না থেকে ঝরে ঝরে পড়তে লাগলো অজস্র ভালোবাসার ফুল!

আর একটু একটু করে ভরে উঠতে লাগলো সেই অসীম শূন্যতা!
আমার কেমন হাল্কা লাগতে শুরু করলো নিজেকে!
আমি একটা প্রজাপতি হয়ে গেলাম!
আর সেইসব ফুলের ওপর উড়ে উড়ে, ঘুরে ঘুরে বেড়াতে লাগলাম!

তোমরা তাকে দোষ দিওনা,
তোমরা তাকে ভুল বোঝোনা!
কারন শুধু সে-ই জানতো এই এতো ভালোবাসা বুনে দিতে এমন এক
অসীম শূন্যতার প্রয়োজন!
কারণ শুধু সেই জানতো আমার গন্তব্য ছিল এই চোখের জল আর শূন্যতা!
শুধু আমিই জানতাম না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার