কবিতা

তুমি বসন্ত

মধুছন্দা গাঙ্গুলী (কলকাতা)

হে ঋতুরাজ, হে বসন্ত
বছরের শেষ মধুমাসে,
মর্ত্যে এসেছো তুমি
রূপের মধুর অভিলাষে।

দখিনা বাতাস জানান দিয়েছে
তুমি এসেছো দ্বারে,
কুহু কুহু স্বরে কোকিলের তান
বাতাসে ভাসে বারে বারে।

তোমায় বরণ করতে
গাছ ফুলে ফুলে ভরা,
শিমুল পলাশের লালে লাল রঙে
সেজে উঠেছে ধরা।

গুনগুন সুরে ভ্রমর গুঞ্জন
গাইছে মধুর গান,
ডালে ডালে ভরেছে আমের মুকুল
বইছে খুশির বান।

পুলকিত সারা আকাশ বাতাস
তারার বসেছে মেলা,
চন্দ্রকিরণের ডালি নিয়ে শশী
ভাসিয়েছে জ্যোৎস্নার ভেলা।

বসন্ত এসেছে সুখের দূত হয়ে
আর নেই কোনো দুখ,
উলঙ্গ বৃক্ষরাজি পাতায় ভরলো আবার
দুখের পরেই তো আসে সুখ।