সাঁকো
শ্রাবণী চক্রবর্তী (কলকাতা)

একটা সাঁকো বানাবো
বেশ এধার থেকে ওধার
পারাপার,
মজবুত গাঁথুনি যখন তখন ধসে যাবে না।
বোঝা নয়, কিছু হাওয়া যাতায়াত করবে
অশরীরী অবিনশ্বর।
সাথে নিতে পারো কিছু উপলব্ধি অনুভব
ঝটকা লাগা চেতন,
আর কিছু অবুঝ আকাঙ্ক্ষা
যা মরেও মরেনা।
কতো সাঁকো তো ভাঙে জোড়ে
শুধু ক্ষত টুকু থেকে যায়
পলকা, প্রলেপ টুকু সামলে রাখে।
পাতা ঝরে নতুন পাতা গজায়
পুরোনো গল্পগুলো ফুরিয়ে যায়।
চুল চেরা হিসেব
নিক্তি মেপে দেওয়া নেওয়া,
সাঁকো টাই উল্টে যায়।
এপার থেকে ওপার সুদূর নীহারিকা,
অলক্ষ্যে মন চলে যায়
সাঁকো টাই যা ভরসা।
