অনন্ত রুইদাস, জামুড়িয়া:-
জামুরিয়ার শ্যামলা অঞ্চলে চৈত্র গাজন উৎসবকে কেন্দ্র করে শুরু হলো দুই দিনব্যাপী যাত্রাপালা। সোমবার উত্তরেশ্বর মন্দিরের ঐতিহ্যবাহী গাজন উৎসব উপলক্ষে শ্যামলা ও ভুঁড়ি গ্রামে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল।
এদিন ভুঁড়ি গ্রামে প্রথম দিনের যাত্রা অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। পরে একই দিনে শ্যামলা গ্রামেও প্রথম দিনের যাত্রাপালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চায়েত প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন লাল্টু কাজী, বুধন রুইদাস, অনুপ রানা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল জানান, উত্তরেশ্বর মন্দিরের গাজন উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই আশপাশের গ্রামগুলিতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার মধ্যে যাত্রাপালা অন্যতম আকর্ষণ। একসময় গ্রামবাংলার জনপ্রিয় বিনোদন হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্কৃতি অনেকটাই ম্লান হয়েছে। তবুও ভুঁড়ি ও শ্যামলা গ্রামের সচেতন মানুষজন এই ঐতিহ্যকে এখনও বাঁচিয়ে রেখেছেন।
তিনি আরও বলেন, বর্তমান যুগেও যাত্রাপালার প্রতি মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস কমেনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ভিড় সেই ছবিই তুলে ধরেছে।



