রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
রাজ্যে তোলাবাজি ও দুর্নীতি রুখতে পুলিশি তৎপরতার বড়সড় সাফল্য মিলল শিল্পাঞ্চলে। তোলাবাজি, হুমকি এবং অবৈধভাবে অর্থ আদায়ের সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গ্রেফতার করল আসানসোলের দাপুটে তৃণমূল শ্রমিক সংগঠন (INTTUC)-এর উত্তর ব্লক সভাপতি রাজু আলুওয়ালিয়াকে। রবিবার রাতের এই হাইভোল্টেজ গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ আসানসোল দক্ষিণ থানার একটি বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে জিটি রোডের বিএনআর মোড় সংলগ্ন এলাকা থেকে রাজুকে আটক করে। এরপর থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় রাতেই তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা তোলার একাধিক অভিযোগ আসছিল।
নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তোলাবাজি বা সিন্ডিকেট রাজের ক্ষেত্রে কোনো ‘রাজনৈতিক রং’ দেখা হবে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজুর মতো বড় নেতার গ্রেফতারি প্রশাসনের সেই ‘জিরো টলারেন্স’ নীতিরই প্রমাণ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানান, এই চক্রের পিছনে অন্য কোনো প্রভাবশালী রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গভীর তদন্ত শুরু হয়েছে। সোমবার ধৃত নেতাকে আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসকদল।

