রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
বাড়ির ভেতর থেকে আসছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দিলে উদ্ধার হয় এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ। শুক্রবার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত অরবিন্দ নগর জোড়া মন্দির এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম প্রতিভা গুহ (৭২)।
স্থানীয় জানা যাচ্ছে, গত কয়েক দিন ধরেই এলাকায় দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। প্রাথমিকভাবে পশুর মৃতদেহ ভেবে গুরুত্ব না দিলেও, শুক্রবার গন্ধ অসহনীয় হয়ে ওঠে। তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রতিভা দেবীর বন্ধ ঘর থেকেই সেই গন্ধ আসছে। খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধার পচনধরা দেহটি উদ্ধার করে। জানা গেছে, প্রতিভা দেবী ওই বাড়িতে দীর্ঘকাল একাই বসবাস করতেন।
পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পরিবারের অন্য কেউ না থাকায় বর্তমানে বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। একাকী বসবাসকারী বৃদ্ধার এই মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




