মর্মান্তিক পরিণতি, বজ্রপাতে প্রাণ হারালেন কৃষি শ্রমিক

মর্মান্তিক পরিণতি, বজ্রপাতে প্রাণ হারালেন কৃষি শ্রমিক

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

         সাতসকালেই প্রকৃতির রোষে প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের গণপুর গ্রামের এক যুবক। বজ্রপাতে মৃত্যু হয়েছে বিকাশ মাজি (৩৫) নামে এক কৃষি শ্রমিকের। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

          ​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে আকাশ কালো মেঘে ঢেকে গেলে বৃষ্টির উপক্রম হয়। বাড়ির কাছেই মাঠে ছাগল বাঁধা ছিল বিকাশের। বৃষ্টি নামার আশঙ্কায় দ্রুত সেই ছাগল ফিরিয়ে আনতে বাড়ির বাইরে বের হন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, বিকাশ বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে মাঠের পথে এগোতেই আচমকা বিকট শব্দে বজ্রপাত ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেই দৃশ্য দেখে এক প্রতিবেশী আতঙ্কে জ্ঞান হারান।

             ​পরিবারের সদস্যরা তড়িঘড়ি বিকাশকে উদ্ধার করে গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বজ্রপাতের তীব্রতায় তাঁর ডান কাঁধের অংশ ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

        ​মৃত বিকাশ পেশায় অত্যন্ত পরিশ্রমী কৃষি শ্রমিক ছিলেন। তার অকাল প্রয়াণে অথৈ জলে পড়েছে পরিবারটি। বাড়িতে তাঁর স্ত্রী, দুই নাবালক সন্তান এবং বৃদ্ধা বিধবা মা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে তারা এখন দিশেহারা। প্রাকৃতিক দুর্যোগের এই আকস্মিক আঘাত গণপুর গ্রামের আকাশকে আরও বিষণ্ণ করে তুলেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *