কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর  একগুচ্ছ ঘোষণা, আসছে ‘অন্নপূর্ণা যোজনা’

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -: 

     মঙ্গলবার কল্যাণীতে এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে নদীয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও কেন্দ্র-রাজ্য সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠকে মূলত চারটি বিষয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে: দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, স্বাস্থ্যক্ষেত্রে অগ্রাধিকার, প্রাক-বর্ষার প্রস্তুতি এবং পুরনো প্রকল্পগুলির সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের সংযুক্তি।​বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। 

        তার সবচেয়ে বড় ঘোষণা হলো ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’র সূচনা। বুধবার নবান্ন থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে এই যোজনার ফর্ম প্রকাশ করা হবে। উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিডিও ও বিধায়কদের তত্ত্বাবধানে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণের কাজ চলবে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, এই সুবিধা কেবল ভারতীয়রাই পাবেন; অনুপ্রবেশকারীদের সরকারি অর্থ প্রদান করা হবে না।

        ​স্বাস্থ্যক্ষেত্রেও বড় বদলের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৮ জুন দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে চুক্তি স্বাক্ষরিত হবে। তবে নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডার আপাতত চালু থাকবে। এছাড়া, সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত এবং ‘মা ক্যান্টিন’-এ সপ্তাহে দুদিন মাত্র ৫ টাকায় মাছ-ভাত প্রদানের ঘোষণা করা হয়েছে।

       ​প্রশাসনিক ও জনসংযোগ ব্যবস্থাতেও বড় বদল আনছে বর্তমান সরকার। প্রাক্তন সরকারের ‘দিদিকে বলো’ হেল্পলাইন বন্ধ করে শমীক ভট্টাচার্যের পরামর্শে নতুন গ্রিভ্যান্স সেল ‘আপনার সরকারকে বলুন’ চালু হতে চলেছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করে পৃথক আয়ুষ মন্ত্রক গঠন, আগামী ৫ জুন ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিতে বৃক্ষরোপণ, ১৫-১৭ জুন রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির এবং ২১ জুন বিশ্ব যোগ দিবস পালনের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )