রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
আসানসোলে এক বিশাল আর্থিক প্রতারণা ও চিটফান্ড কাণ্ডকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এই ঘটনায় নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন আসানসোল উত্তর বিধানসভার বিজেপি মুখপাত্র ও মিডিয়া ইনচার্জ দুর্গেশ নাগী।
অভিযোগ, ২০২৫ সালের মার্চ মাস থেকে তাহসিন আহমেদ নামে এক ব্যক্তি তৃণমূল কংগ্রেসের প্রভাব খাটিয়ে আসানসোল ও তার পার্শ্ববর্তী এলাকাল তিন সহস্রাধিক বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় ৩৫০ কোটি টাকা প্রতারণা করেছেন। মোটা অঙ্কের রিটার্নের প্রলোভন দেখিয়ে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই এই ব্যবসা চালানো হচ্ছিল বলে দাবি। গত এক বছর ধরে টাকা ফেরত দেওয়া বন্ধ হওয়ায় বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন।
বিজেপি নেতার অভিযোগ, শাসকদলের প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় এই প্রতারণা চক্র চলছিল। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সিবিআই, ইডি এবং আয়কর দফতরের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। এছাড়া অভিযুক্তদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরানোর আবেদনও জানানো হয়েছে। এই ঘটনায় সরব হয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পালও।
যদিও আসানসোল উত্তর থানা এখনো পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, অভিযুক্তদের রাজনৈতিক যোগসাজশ স্পষ্ট হওয়ায় বিষয়টির যথাযথ তদন্ত হওয়া জরুরি। অভিযুক্তদের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



