রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা ‘সেল’ আইএসপি কর্তৃপক্ষের নিজস্ব জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ উচ্ছেদে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। শুক্রবার ইস্পাত নগরী বার্নপুরে কর্তৃপক্ষ বুলডোজার চালিয়ে সিপিএম এবং কংগ্রেসের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
সূত্র মারফত জানা যায়, বার্নপুর গুরুদ্বোয়ারার কাছে অবস্থিত সিপিএমের পার্টি অফিস এবং আপার রোড এলাকার কংগ্রেসের পার্টি অফিসটি সংস্থার জায়গায় অননুমোদিতভাবে তৈরি করা হয়েছিল। নিয়মবহির্ভূত এই নির্মাণগুলি সরিয়ে নেওয়ার জন্য আগেই সংশ্লিষ্ট দলগুলোকে আইএসপি কর্তৃপক্ষের তরফে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করায় শুক্রবার বুলডোজার নিয়ে অভিযানে নামে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাজ্যে সরকার বদলের পর থেকেই সেল কর্তৃপক্ষের নিজস্ব জমিতে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে। এর আগে একাধিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ও একইভাবে ভেঙে ফেলা হয়েছে। একের পর এক রাজনৈতিক দলের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বার্নপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

