​ছবি তুলেই অভিযোগ, পরিচ্ছন্নতা অভিযানে রাজ্যের ‘স্বচ্ছ অ্যাপ’

  সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -: 

       রাজ্যের শহর ও পুর এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছেন, শনিবার থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’। এই প্রযুক্তিনির্ভর অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ এখন থেকে রাস্তায় পড়ে থাকা জঞ্জাল, নিকাশি সমস্যা বা অন্য কোনো নাগরিক পরিষেবার অভাবের ছবি তুলে সরাসরি প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারবেন।

          ​প্রাথমিকভাবে রাজ্যের ১০টি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে এই পরিষেবা শুরু হচ্ছে। পুরমন্ত্রী জানিয়েছেন, শহর পরিষ্কার রাখার মূল চাবিকাঠি হলো জনসচেতনতা। তাই অ্যাপ চালুর পাশাপাশি আগামী তিন মাস রাজ্যজুড়ে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো হবে। এই সময়ের মধ্যে প্রতিটি এলাকায় প্রতি ১০০ মিটার অন্তর নতুন ডাস্টবিন বসানোর কাজও সম্পন্ন করবে সরকার।

      ​প্রশাসন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম ভাঙলে আগামী ১ সেপ্টেম্বর থেকে জরিমানার মুখে পড়তে হবে নাগরিকদের। রাস্তায় ময়লা ফেলা, থুতু বা পানের পিক ফেলার মতো কাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক নানা সীমাবদ্ধতা সত্ত্বেও নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা অভিযানের সরাসরি অংশীদার করে পশ্চিমবঙ্গকে আরও সুন্দর ও আধুনিক করে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

      ​এই নতুন অ্যাপ শহর ও পুর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে কতটা কার্যকর ভূমিকা নেয়, এখন সেটাই দেখার।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )