রুনা মুখার্জী (কলকাতা)

তুমি যখন রাগ করো
তখন উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর গর্জনও ভয় পেয়ে শান্ত হয়ে যায়।
তুমি যখন অভিমান করে মুখ ভার করে চুপ করে বসে থাকো,
তখন পাহাড়ের বুক চিরে নেমে আসা অন্ধকাররা চুপটি করে লুকিয়ে থাকে ওই পাহাড়ের গায়ে বেড়ে ওঠা বনফুলের ঝোঁপে।
তুমি যখন হাসতে থাকো ,
তখন ওই মিষ্টি ঝরনার সৌন্দর্যও মলিন হয়ে যায় তোমার হাসির কাছে।
তুমি যখন অনেক কথা বলো ,
তখন ঐ প্রজাপতিগুলো খুশিতে তাকিয়ে থাকে তোমার মুখের দিকে।
তুমি যখন আমাকে অনেক ভালোবাসো ,
তখন মুক্ত বিহঙ্গেরা আমার খুশিতে উল্লাসিত হয়ে উড়ে যায় ওই নীল দিগন্তে।
তুমি যখন আমার বিরহে কাঁদতে থাকো,
তখন আকাশের কান্নারা বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে পৃথিবীর বুকে।
তুমি যখন আমাকে অনেক বকো,
তখন গাছের সবুজ পাতারা হলুদ হয়ে আমার দুঃখে পৃথিবীর বুকে পড়ে দীর্ঘশ্বাস ছাড়ে ।
তুমি যখন ডায়েরিতে আমাকে নিয়ে
অনেক কিছু লেখ,
তখন ঐ কালো ভ্রমরেরা
কানে কানে আমায় বলে যায়,
তোমার মনের মানুষ তোমার জন্য ডায়েরিতে ভালোবাসার কথা লিখছে।
আমার অভিমান ভাঙ্গানোর জন্য তুমি যখন আমায় অনেক অনেক আদর করো,
তখন নদীর বুকে জেগে ওঠা কাশফুলেরা লজ্জায় মাথা নিচু করে খুশিতে হাসতে থাকে।
তুমি যখন অভিমান করে আমার ডাককে উপেক্ষা করো,
তখন ঐ শান্ত দিঘির জলে ভেসে ওঠা পদ্মের মনের মানুষ পদ্মপাতাও রাগ করে,
দীঘির জল বিন্দুকে পাতা থেকে দূরে সরিয়ে দেয়।
তুমি যখন রাগ করে আমাকে যা খুশি তাই বলো
তখন আমি রাগ করি না।
আমি ভাবি আমার ওপর ভালবাসার অধিকারেই তুমি একথা বলছ ।
তোমার ওই অভিমান করে বলা কথাগুলো অনেক বেশি মিষ্টি মধুর আমার কাছে।
