পঞ্চ ইন্দ্রিয়

শর্মিষ্ঠা দত্ত  (কলকাতা)

আপনজনের জিজ্ঞাসা আমাকে— 
“তোমার কাছে কী আছে, যে লোকে তোমাকে দেখে হিংসা করবে?”

সত্যিই তো! আমার কাছে কী আছে!

সূর্যোদয়ের সময় এক মস্ত আকাশ আছে— 
রবির রক্তিম কিরণে যে আকাশ হয়ে ওঠে লাজে রাঙা। 
আমার কাছে একজোড়া চোখ আছে, দেখার চোখ আছে।

বন্ধুদের সাথে মাঠে খেলতে গিয়ে পদদলনে ঘাসের যে গন্ধ, 
এই মধ্যবয়সেও নাকে সেঁধিয়ে আছে অনুভূতিতে। 
আজও তার ঘ্রাণ পাই। এই নাসিকা আছে আমার কাছে।

ঝুমাদের বাড়ির কুল, মনিপিসির চালতা মাখা মনে পড়ায় 
লিখতে গিয়েও জিভের জল টস করে খাতায় পড়ল এখনো। 
টিস্যুর পরশে মুছে দিলাম জিভের জল। 
আমার কাছে এক জিহ্বা আছে, যা আজও কত কিছুর স্বাদ মনে করিয়ে দেয়।

অন্যতম প্রিয় কর্ণযুগল আছে আমার কাছে, 
যা মিষ্টি-মধুর সুরের ছোঁয়ায় হৃদয় আর্দ্র করে। 
আমার কাছে যুগল কর্ণ আছে। 
মধ্যবয়সে কিছু বাছাই সুর ইউটিউবে শুনে ঘুমোতে যাই। 
ঘুম ভাঙলে পরে সেই সুর মস্তিষ্কে ঘুরতেই থাকে 
পরের দিন সকাল হওয়া অবধি।

আছে এক আপাদমস্তক ত্বক, যা শীতলতা, উষ্ণতা অনুভব করায়। 
তবে এটা আমাকে কম ভাবায়।

আমি গরিব কিসের? স্বাতন্ত্রতা আসে মানসিকতায়।

পঞ্চ ইন্দ্রিয় নিয়ে মধ্যবয়সে দিব্যি আছি খুশিতে।

ধন্যবাদ বিশ্বব্রহ্মাণ্ড, শতকোটি প্রণাম।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )