অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
আসানসোলের বারাবনি থানা এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে এক বিশেষ সাফাই অভিযানের আয়োজন করা হয়। এদিন বারাবনি থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা স্থানীয় বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কারে নেমে পড়েন। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সাথে হাত মিলিয়েছেন স্থানীয় বিজেপি কর্মীরাও।
সাফাই অভিযান চলাকালীন বিজেপি কর্মীদের দাবি, রাজ্যে পরিবর্তনের পর থেকেই তারা নিয়মিত এলাকা পরিষ্কারের কাজে যুক্ত রয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘ বামফ্রন্ট এবং পরবর্তী তৃণমূল শাসনামলে এলাকা সাফাইয়ের ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিজেপি দাবি করে, তারাই ক্ষমতায় আসার পর থেকে নিকাশি নালা পরিষ্কার এবং ডাস্টবিন নিয়মিত সাফাইয়ের মতো জনস্বাস্থ্যমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনজীবনকে দূষণমুক্ত রাখতে এমন উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তারা জানান।
পুলিশের সঙ্গে রাজনৈতিক কর্মীদের এই যৌথ প্রয়াস স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।



