রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
রাতের অন্ধকারে ডিজেল পাচারের চেষ্টার সময় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ল তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির উপ-সভাপতি সাবির মিয়ার গোডাউন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জের নিমচায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি ক্লাবের আড়ালে সাবির মিয়া দীর্ঘদিন ধরে এই অবৈধ ডিজেল পাচারের কারবার চালাচ্ছেন।
অভিযোগ, ওই নেতার তিনটি গোডাউনের মধ্যে দুটিতে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখা ছিল। পাশাপাশি, পঞ্চায়েতের ত্রাণ তহবিলের ত্রিপলও সেখানে উদ্ধার হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
সাবির মিয়ার বিরুদ্ধে ডাকাতি, বোমাবাজি, শ্রমিকদের কাছে তোলাবাজি ও লুটপাটের মতো একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। ইসিএল-এর কিছু অসাধু আধিকারিকের সঙ্গে যোগসাজশেই এই কারবার চলত বলে স্থানীয়দের ধারণা। ঘটনাস্থলে নিমচা ফাঁড়ির পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত নেতার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।




