সই

সোমা নায়ক (কলকাতা)

আমার মেয়েবেলার পৃষ্ঠাগুলো যখন পুরনো চিঠির মতো হঠাৎ হলদেটে হতে শুরু করেছে,

সংসার, দায়িত্ব বা কর্তব্যের মতো ভারিক্কি শব্দগুলো হঠাৎ করে যখন জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার ছক কষেছে মনে মনে,

আসলেই জীবন হলো বয়ে যাওয়া আর সয়ে যাওয়ার নাম- ভেবে মাঝে মাঝেই যখন সবকিছু কেমন তিতিবিরক্ত লাগছে, হাল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি হচ্ছে কখনো কখনো,

পারিপার্শ্বিক পরিস্থিতি কখনো মনকে হতাশাগ্রস্ত করছে তো কখনো আবার ভারাক্রান্ত করছে ঠিক তখনই তুই এলি।

প্রখর দাবদাহ দিনে হঠাৎ এক পশলা বৃষ্টির মতো এসে ছুঁয়ে দিলি আমায়, শান্ত করলি, সিক্ত করলি কি সহজে।

ক্লান্ত অবসন্ন বিকেলে এক মুঠো বেলিফুলের সুগন্ধি ছড়িয়ে সতেজ করলি মন, স্বপ্ন দেখালি, সহজ হতে বাধ্য করলি আবার।

মা মেয়ের সম্পর্ক কখন যে আস্তে আস্তে সইয়ের সম্পর্কের রেখা ছুঁল টেরই পেলাম না অথচ সেই অনুভূতিতে জারিত হচ্ছি আমি প্রতিটি দিন-ক্ষণ-মুহূর্ত।

অনুভব করছি আমাদের এই সখ্যতা বিশেষ থেকে বিশেষতর হয়ে বিশেষতমের দিকে পা বাড়িয়েছে কবেই।

এখন শুধু উপভোগ করা- এই বিশেষ সময় আর বিশেষ সঙ্গ।
ভালো থাকিস ‘Mannu’, তোর স্বপ্নের আকাশে ডানা মেলে উড়ে বেড়াস তুই। শুধু শিকড়ের টানটুকু একই ভাবে বজায় থাকুক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *