অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলের সামার ক্যাম্পে সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় শোকস্তব্ধ গোটা শহর। মৃত ছাত্রের নাম আদ্রিক হিলিরিয়ান (১৬), বাড়ি আসানসোল দক্ষিণ থানার হুচুক পাড়ায়।
জানা গেছে, এদিন সকালে সামার ক্যাম্পের অংশ হিসেবে সুইমিং প্রশিক্ষণের আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ। অন্যান্য পড়ুয়াদের সঙ্গেই সাঁতার কাটছিল আদ্রিক। হঠাৎ সে জলের তলায় তলিয়ে যেতে শুরু করলে শিক্ষক ও কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই অকাল মৃত্যুতে পরিবারের শোকের বাঁধ ভেঙেছে। ঘটনার পর থেকেই স্কুলের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশিক্ষণের সময় নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শোকের পরিবেশে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।




