নক্ষত্রের দেশে

প্রান্তিক কাপড়ী (হলদিয়া, পূর্ব মেদিনীপুর)

চারিদিকে আজ শুধুই শূন্যতা, আর হাহাকার—
জাকির আর পঙ্কজের তবলা হারমোনিয়ামের নেই খুনসুটি।
দুর্গা কাশফুলের ভিড়ে কোথায় হারিয়ে হয়েছে নিরুদ্দেশ।
অনেকদিন হলো বাঞ্ছারামের বাগানের অতন্দ্র প্রহরী মনোজ নিয়েছে ছুটি
শ্যাম তার অস্তমিত ‘নিশান’ নিয়ে অন্য কোনো গ্রহে—
মনমোহন তার বিশ্বায়নের পান্ডুলিপি নিয়ে মহাশূন্যে মুক্তির পথে।
শিল্পপতি রতন আলোকবর্ষ দূরে অনন্ত ঘুমের দেশে
প্রতিবাদী বুদ্ধ, সীতারাম বুকে বিষজ্বালা নিয়ে কফি হাউসের আড্ডায় আসে না।।
পঞ্চভূতে বিলীন রশিদের গানের ভেলা অচেনা গভীর নীল সমুদ্রে —
আমীন, তার বাচালতা ছেড়ে পিস হেভেনে নিচ্ছে রেস্ট।
রামাজি হয়তো কোনো হাসনুহানা ফুলের বাগানে বন্দী।
কারুশিল্পী রোহিত আজ কাজে নিয়েছে নিষ্কৃতি।
উৎপলেন্দুর চোখ দেবশিশুর ময়না তদন্তে ব্যস্ত।
স্বপ্নচারিনী শ্রীলা আত্মাভিমান নিয়ে দূরে কোথায় রহস্যদ্বীপে
সবাই পাড়ি দিয়েছে মহাকাশে নক্ষত্রের দেশে।
পরজন্মের আহবানে যদি তাঁরা একবার ফিরে আসে।।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )