একমুঠো হাসি
বৃষ্টি নূপুর (কলকাতা)

ভাবিনি কখনো আলোর মিছিল
এভাবে আমায় করবে দ্রাব্য
দিনের কপালে সময়ের টিপ
এঁকে দেবে ব্যস্ততারই মহাকাব্য।
উনুনের আঁচে সেদ্ধ দুপুর,
দু’মুঠো ভাতের ক্ষণিক বিরাম—
তারপরই আবার পথের বাঁশি,
চাকার সুরে ভাসে অবিরাম।
আজকাল তাই পথের বুকেই
সাজে আমার প্রতিচ্ছবি,
স্থির আয়নার অবকাশ কোথায়…?
পথই যে রূপকথার কবি।
আয়না যে আজ হার মেনেছে
ডিজিটালের ভীড়ে ,
মুঠোফোনেই মুখের ছবি
ভাসছে ঘুরে ফিরে।
সময় তো আজ ব্যস্ত ভীষণ,
আমিও আছি ভীষণ চাপে
তবুও একমুঠো হাসি রেখে যাই
পর্দাজুড়ে দর্শকদের সুখ মেপে…

