স্বাতী ব্যানার্জী (কলকাতা)

বুলডোজারের গর্জনে
কেঁপে ওঠে শহরের
ব্যস্ত স্টেশন চত্বর।
উচ্ছেদ অভিযান চলছে।
গরম ঘুগনি উল্টে যায়
ধোঁয়া ওঠা ক্ষুধা ধুলোয়
অবহেলায় গড়াচ্ছে।।
সাদা পাউরুটির বুকে
পায়ের ছাপ দিয়ে ঠুকে।।
স্বপ্ন মাখা রঙিন বই
কাদা জলে মেখে
হতাশায় থই থই।
গলানো সোনা রাস্তায়
এগ রোলের দোকান
চেনা মিষ্টির দোকান
সবই ভেঙেছে এমন
বাঘের ভয়ে হরিণ যেমন,
মানুষও ভয়ে তটস্থ তেমন।
তবু উটের মতোই মানুষ
কাঁটাগাছ খেয়ে বাঁচবে
ঘরে ছেলে পুলে সংসার
জীবন রোজ, আমরণ।
দারিদ্র থাকা অপরাধ?
দারিদ্রতা বেআইনি নয়?
দেশে শিল্প কর্মসংস্থান
সুযোগ তেমন কই?
দূষণ পরিচ্ছন্নতা দাবি
আজ আকাশ প্রমাণ।
নিরাপদে পথচলুক
জনগণ, সিদ্ধান্ত ভাল।
বড়লোকিয়া ফাস্ট ফুড
দোকানে ভিড় বাড়ান।
যদি পকেট পারমিট দেয়
পাবেন খাবারের ঘ্রাণ।।
যাদের গেলো রোজগার
জুটবেনা দুবেলা আহার।
মানুষও ভালো দিনের
প্রতীক্ষাতে বাঁচতে চায়।
নদী যেমন সাগর খোঁজে
মোহনার ডাক শুনে,
আশা ভেসে যায় অপেক্ষা
সময়ের স্রোতের বুকে।
দিনের সূর্য ডুবে যদি তা
অন্ধকারে ঢাকে, মনে
কষ্ট হয়, বড় কষ্ট হয়।।
কারো পেটে লাথি মারা
কখনই তো কাম্য নয়।।
বেআইনি দখল রুখতে
কাউকে মৃত্যুর কূপেতে
ডুবতে দেখতে কষ্ট হয়।।
রাজনৈতিক আমি নই
কিন্তু মানুষ, বটেই
অতি সাধারণই সই।
মানবিক হতে বাধা কই।।