তোমার কবিতায় তুমি

রুমকী দত্ত (কোলাঘাট)

তোমার কবিতায় তুমি
কাজী নজরুল ইসলাম
“আজ সৃষ্টি সুখের উল্লাসে” “এক শায়ক বেঁধা পাখি”
“ব্যথা-নিশীথ” “বিদায়-বেলায়” “ছাত্রদলের গান”
“পথচারী” “রাজ-ভিখারি” “পথের দিশা”য় থাকি
গীতির আলোকে ভাস্বর সে যে “ওমর খৈয়াম”।

“অন্ধ স্বদেশ দেবতা”য় আঁকি “জীবন-বন্দনা”
“ফরিয়াদ” আর “বাতায়ন পাশে গুবাক তরুর সারি”
“ইন্দ্র-পতন” “অঘ্রানের সওগাত” “সান্ত্বনা”
“চল-চল-চল” “যৌবন-জল-তরঙ্গ”দের বাড়ি।

“চাঁদনী রাতে”র “রাখি বন্ধন”এ “চৈতি হাওয়া”র রেস
“বিদ্রোহী”হয়ে “পথহারা” আজ “দূরের বন্ধু” যারা
“বিদায়-স্মরণে” “অ-কেজোর গান” গেয়ে যাই অনিমেষ
“অবেলার ডাক”এ “কবিরানী” হয়ে কাঁদছে সন্ধ্যাতারা।

“বধূ-বরণ” “বারাঙ্গনা” “কান্ডারী হুশিয়ার”
“কুলি-মজুর” “লিচু-চোর” “ফাল্গুনী” “ঝিঙে ফুল”
“খুকি ও কাঠবিড়ালি” ছোট নেই কেউ আর
“সত্য-কবি”র “প্রভাতী” আলোয় প্রিয় কবি নজরুল।

“অভিশাপ”এ “সর্বহারা” প্রিয় কবি নজরুল
“অগ্রপথিক” “সব্যসাচী” প্রিয় কবি নজরুল।
“সাম্যবাদী” “দারিদ্র্য” প্রিয় কবি নজরুল।
আমার তোমার সবার প্রিয় কবি নজরুল।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )