বিদ্রোহী নজরুল

মায়া ঘোষ (কলকাতা)

“ঐ নূতনের কেতন ওড়ে” জয়ধ্বনির ধ্বজা ধরে ,
আনন্দেতে মেতে ওঠে সকল শঙ্কা হরণ করে।
‘অগ্নিবীণা’র অগ্নি জ্বেলে আবর্জনা ফেলে কূপে,
বীণার তারে প্রাণের স্ফূরণ নতুন রূপে।
‘বিদ্রোহ’তে হয়ে সোচ্চার সেই চেতনা আজও জাগে,
অবিচারের অবসানে লেখনী তব সাহস মাগে।
সাম্যবাদের মূলমন্ত্র “গাহি সাম্যের গান”
মনুষ্যত্বই বহন করে মানুষের পরিচয়, মান।
মানুষের মাঝে মানুষই একাকার হয়ে রয়,
জাতিভেদের কাঁটাতার মুছে বৈষম্যহীনতার জয়।
সাম্যবাদী লেখায় সম্প্রীতি মিলনের ক্ষুরধার,
তোমার বাণী মানুষে মানুষে মিলায় বারবার।
শোষন বঞ্চনা দুঃখ দুর্দশা ‘সর্বহারা ‘য় রাজে,
শ্রমজীবী প্রতি প্রেম করুনা তব হৃদয়ে রাজে।
দুখের দহনে পুড়ে দ্রোহের কলম নিলে ধরে,
অন্যায় রোধে তব চেতনা আছে মহীরুহ করে।
প্রেমের কবিতায় রেখে মিলন বিরহ বেদন গাঁথা,
ভক্তিগীতিতে সুরের মূর্ছনায় শ্যামা মায়ের চরণে মাথা।
সাহিত্যের আকাশে রয়েছো ধ্রুবতারা সম তুমি
নিবেদন করি শ্রদ্ধাঞ্জলি হয়ে আনত ভূমি।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )