মায়ামৃগ
অন্বয় দে (হরিপাল, হুগলী)

শব্দরা এখন বিশ্রামে-
উষ্ণতার আবরণে গাঢ় ঘুম
ঘড়ির টিকটিক আর..
বাইরে ঝিঁ ঝিঁ পোকার ডাক.
ঘুমহীন আমি.. হাতড়ে বেড়াই-
অতীত.. বর্তমান ও ভবিষ্যৎ কে
এপাশ ওপাশ করতেও ভয় হয়..
যদি ঘুম ভেঙে যায় বাক্যের!!
যদি হঠাৎ কাঁদতে থাকে-
ছোট ছোট শব্দ গুলি!!
তবে থাক.
নিশ্চুপ নিস্তব্ধতাকে করে নি বরণ..
অতীত কে করি স্মরণ..
ঠিক ভুল গুলো কে ঘুম পাড়াই..
চোখের কোণে জল এলে-
আলতো মুছে নিই.
মায়াবী রাত ডাকে- হাতছানি দিয়ে..
সাধ্য কি অগ্রাহ্য করার?
নীল চাঁদ খুঁজতে থাকি..
ওই বুঝি মায়ামৃগ…
তিরতির করে কাঁপছে হরিণীর চোখ
মায়ামৃগ… না কি মানবী?
“কে তুমি মায়াবীনি……”
চিৎকারের প্রতিধ্বনিও মিলিয়ে যায়..
শব্দরা আবার ঘুমিয়ে পরে-
বাক্যেরা সন্ধি করে নেয় উষ্ণতার সাথে.
ঘুমহীন আমি… আর জাগে মায়ামৃগ…
CATEGORIES কবিতা

