
“যতই করো হামলা, আবার জিতবে বাংলা”: গঙ্গাসাগরে কালী মন্দিরে পুজো দিয়ে ‘পাড়ার সংলাপে’ হুঙ্কার মন্ত্রী বঙ্কিম হাজরার
রমেশ রায়: গঙ্গাসাগর:- রাজনীতির ময়দানে লড়াই যতই কঠিন হোক, উন্নয়নের অস্ত্রেই বাজিমাত করবে ঘাসফুল শিবির— এই বার্তাকে সামনে রেখেই সরগরম হয়ে উঠল গঙ্গাসাগরের ধসপাড়া সুমতি নগর। মঙ্গলবার ধসপাড়া সুমতি নগর ১ নম্বর অঞ্চলের অন্তর্গত ঐতিহাসিক ধসপাড়া কালী মন্দিরে ভক্তিভরে পুজো দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মায়ের আশীর্বাদ নিয়ে এরপর তিনি সরাসরি যোগ দেন ঘোড়াপোতা মোড়ে আয়োজিত ‘উন্নয়নে পাড়ায় সংলাপ’ কর্মসূচীতে। এদিন মন্দির থেকে সভা পর্যন্ত মন্ত্রীর সঙ্গে ছিল এক বিশাল শোভাযাত্রা। সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল ঘোড়াপোতা মোড়। সভায় দাঁড়িয়ে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, “যতই করো হামলা, আবার জিতবে বাংলা।” সরকারের কাজের হিসেব মানুষের কাছে পৌঁছে দিতে এদিন উপস্থিত প্রত্যেকের হাতে একটি করে বিশেষ পুস্তিকা বা বই তুলে দেওয়া হয়। এই বইটিতে গত কয়েক বছরে এলাকায় রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষা খাতে হওয়া সমস্ত উন্নয়নের খতিয়ান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
এদিনের এই বর্ণাঢ্য কর্মসূচীতে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা জি.বি.ডি.এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস, স্বাস্থ্যকর্মাধ্যক্ষ শতনু মাইতি এবং অঞ্চলের অন্যান্য স্থানীয় নেতৃত্বরা।
নেতৃত্বের দাবি, উন্নয়নের এই খতিয়ানই বিরোধীদের সমস্ত অপপ্রচারের যোগ্য জবাব দেবে। মন্দির প্রাঙ্গণে পুজো দিয়ে শুরু হওয়া এই জনসংযোগ এবং সাধারণ মানুষের হাতে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেওয়ার বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। উপস্থিত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ দিচ্ছে যে, উন্নয়নের এই সংলাপ সরাসরি সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে।

