
প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো ‘খাদ্য মেলা উৎসব’
সৌভিক সিকদার, ভেদিয়া, পূর্ব বর্ধমান -:
শিক্ষার্থীদের মন থেকে একঘেয়েমি দূর করার লক্ষ্যে গুসকরা-২ নং চক্রের ভেদিয়া প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই প্রথম আয়োজিত হলো ‘খাদ্য মেলা উৎসব’। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের চারজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এই ‘খাদ্য মেলা উৎসব’-এ অংশগ্রহণ করে। উৎসবে প্রায় ১৫ টি স্টল হয়। শিক্ষার্থীরা বাড়ি থেকে তৈরি করে আনা ফুচকা, এগরোল, ঝালমুড়ি, গাজরের হালুয়া, আলুকাবলি ইত্যাদি খাদ্যসামগ্রী নিয়ে স্টল দেয়। খদ্দের হিসাবে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন অভিভাবক সহ অন্যান্যরা। ছোট্ট ছোট্ট হাতে যখন তারা স্টল থেকে নিজেদের সামগ্রী বিক্রি করছিল তখন ওই খুদেদের মুখে ছিল পবিত্র হাসি। খাদ্য মেলাকে সম্পূর্ণ সফল করে তোলার জন্য অভিভাবকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার ধীবর বললেন, এই প্রথমবার বিদ্যালয়ে ‘খাদ্য মেলা উৎসব’ আয়োজিত হলো। শিশুগুলির আনন্দ ছিল চোখে পড়ার মত।
গুসকরা-২ নং চক্রের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে স্পেশাল এডুকেটর
ইন্দ্রনীল মুখার্জ্জী বললেন, কচিকাচাদের নিয়ে ‘খাদ্য মেলা উৎসব’ -এর আয়োজন করা খুবই কঠিন কাজ। সবার সহযোগিতায় সেটি যথেষ্ট ভালভাবেই সম্পন্ন হয়েছে। এমন একটা চক্রের ভেদিয়া রিসোর্স রুমের বিশেষ শিক্ষক হতে পেরে আমি গর্বিত।

