দুর্গাপুজোর ‘গাইড ম্যাপ’ প্রকাশ করল এডিপিসি

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

        বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ‘দুয়ারে হাজির’। পুজো যাতে নির্বিঘ্নে কাটে, পুজোর সময় কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারজন্য সদাসতর্ক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অর্থাৎ এডিপিসির পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে এডিপিসির পক্ষ থেকে ২৬ শে সেপ্টেম্বর সন্ধ্যায় ডিসিপি ধ্রুব দাস দুর্গাপুজো সংক্রান্ত একটি ‘গাইড ম্যাপ’ প্রকাশ করেন।

       জানা যাচ্ছে ‘গাইড ম্যাপে’ আসানসোলের বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপগুলোর নাম ও স্থান সম্পর্কে তথ্য দিয়ে পথ নির্দেশ উল্লেখ করা আছে। পাশাপাশি আসানসোলের গুরুত্বপূর্ণ হাসপাতাল, পুলিশ থানা, পুলিশ কিয়স্ক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মোবাইল নাম্বার দেওয়া আছে। প্রতিবছর প্রতিমা দর্শন করতে বেরিয়ে ভিড়ের মাঝে একাধিক বাচ্চা হারিয়ে যায়। অনেকেই ঠিকমত নিজেদের নাম, ঠিকানা বলতে পারেনা। সমস্যায় পড়তে হয় পুলিশ প্রশাসনকে। তারজন্য এবার এডিপিসির পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। বাচ্চাদের নিরাপত্তার জন্য  আইডেন্টিটি কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এডিপিসির বিভিন্ন থানা ও পুলিশ কিয়স্ক থেকে এই আইডেন্টিটি কার্ডগুলো পাওয়া যাবে। নিজ নিজ বাচ্চাদের নিরাপত্তার জন্য পুজোর সময় প্রত্যেক অভিভাবককে এই কার্ডগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

      পুজোর সময় যানজট এড়ানোর জন্য এলাকার যে সমস্ত রাস্তা একমুখী করা রয়েছে অথবা পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে ‘নো এন্ট্রি’ করা রয়েছে ‘গাইড ম্যাপে’ সেগুলোও উল্লেখ করা হয়েছে।

      ডিসিপি ধ্রুব দাস বলেন, আমরা আশা করব পুজো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রত্যেক দর্শনার্থী ও অভিভাবক যথাযথভাবে ‘গাইড ম্যাপ’ মেনে চলবেন এবং পুলিশের প্রশাসনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন সর্বদা মানুষের পাশে আছে, দরকার সবার আন্তরিক সহযোগিতা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *