ধুলো মাখা
করবী সাঁতরা (বালি, হাওড়া)

সজল চোখে নত মস্তকে নববধূ
বাক্যবাণে জর্জরিত শুধু শুধু
হয়তো শ্লেষভরা হৃদয়ের জ্বালা
মিছামিছি কর্ণ ঝালাপালা।
অব্যক্ত যন্ত্রণায় অভ্যস্ত জীবন
মায়ায় ডুবে থাকে মন সারাক্ষণ।
দক্ষ হাতে সামলানো সুখের ঘর
সন্তানের জীবিকার উচ্চ দর
প্রিয়সাথীর সুখদুঃখের সাথী
আলো ছায়ায় কাটে বহু রাতই
সহানুভূতিশীল ,সদা মিষ্টিভাষী
মুখে ভালোবাসার বুকভরা হাসি।
সদা মিষ্টি হাসি খানা আজও তেমনি
কাছে ডেকে বুকে টেনে নেবে এখনি
নিশ্চুপ,নিস্তব্ধ, শীতলতার পরশ
পরশে সারা দেহমন অবশ
নিথর দেহটি পড়ে অপেক্ষায়
শেষ দেখার ব্যাকুল প্রতীক্ষা
ক্রন্দনধ্বনিতে বাতাস কম্পিত
ভবের হাটে কিছুক্ষণের পরিচিত।
দিন,যুগ পাল্টায় জীর্ণ জীবন
পুরু কাঁচের আড়ালে জলভরা মন
তেমনি টাঙানো দেওয়ালে ফ্রেম
যার সাথে ছিল চিরকালের প্রেম
টাঙানো ছবিতে ধূলোর আস্তরণ
মাকড়শার জালের আবদ্ধ গৃহকোণ
প্রিয় জিনিস অবহেলায় ঝুলে ঢাকা
একদিনের মূল্য আজ মূল্যহীন ধূলোমাখা।।
CATEGORIES কবিতা

