চৌকাঠের বাইরে প্রেম…

মৌমিতা মৌ (কলকাতা)

স্বামী–
এক হাড়ভাঙা যন্ত্র,
যার কাজ শুধু বিল, কিস্তি, স্কুল ফি মেটানো আর মাঝে মধ্যে ছুটির দিনে বাজার দোকান।
হাসে না, চায় না, সম্পর্ক শুধু অ্যাকাউন্টে বেঁচে থাকে।

স্ত্রী–
এক ক্যালেন্ডারভর্তি “To Do List”,
দিনরাত রান্না, জামাকাপড়, ঘরে-বাইরে সামলানো,
আর ঘুমের মাঝখানে কষ্ট হলে করে খাঁটি অভিনয়।

বাচ্চারা–
যন্ত্রমানবের ছায়া হয়ে বড় হয়,
তারা শেখে– ভালোবাসা মানে সেলিব্রেশন,
উপহার, সারপ্রাইজ,পুজোর জামা আর জন্মদিনে কেক।

তবু,
এই ভরপুর বাড়ির ভেতর প্রেম নিঃশব্দে আত্মহত্যা করে প্রতিদিন –!

তাই,
ওরা প্রেম খোঁজে চৌকাঠের বাইরে–
যেখানে কেউ রুটি চায় না, ঘরবাড়ি পরিষ্কার চায় না,
শুধু বলে– “তুমি থাকলেই ভালো লাগে।”

কিন্তু,
ওরা সম্পর্কের দেখনদারীর বিজ্ঞাপনে ভীষণ সুখী —
আদর্শ দাম্পত্যের প্রতিচ্ছবি ও বটে!

অথচ,
এক ছাদের নিচে ওদের দূরত্ব এক পৃথিবী–
একে অপরের জন্য নুন্যতম সময়টুকু বরাদ্দ নেই।

ওরা ভাবে–
এই বাইরের মানুষটাই বুঝি আসল!
এই অচেনা চোখেই তো রোমাঞ্চ আছে, রোমান্স জাগে,
বিছানার চাদরটাও যেন পালকের মত নরম মনে হয়,
তার হাত ধরে বুকে মাথা রেখে অপার শান্তি।

আসলে,
ওরা প্রেম খোঁজে,
কারণ সংসারে প্রেমের নামটা উঠলেই
কারও না কারও মাথা ধরে।

স্বামী উপার্জনের যন্ত্র,
স্ত্রী ঘরের হাড়ভাঙা ছায়া,
আর প্রেম?
তাকে তো আগেই তালা দিয়ে রাখা হয়েছে
ড্রয়ারের এক কোণায়,
“সময় নেই”– অজুহাতে
যেখানে বিয়ের অ্যালবামটা ধুলো জমে পড়ে থাকে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )