চল…কোথাও চলে যাই…

মৌসুমী মুখার্জী (খড়গপুর, পশ্চিম মেদিনীপুর)

ওই ট্রেন লাইন ধরে অমোঘ খুশিতে অচিনপুরে,
চল কোথাও চলে যাই সেই তেপান্তরে।

হাতে হাত রেখে অচেনা কোনো পথে,
দিগন্ত যেথায় মাটিতে মেশে আপন মনোরথে।

চলে যাই তুই আর আমি নয়তো পাখি হয়ে উড়ে বনান্তরে,
বাঁধবো বাসা, সুখের নীড়, গাছের কোটরে।

উড়বো আকাশে মুক্ত মনে মেলে আনন্দ ডানা,
সন্ধ্যাবেলায় ফিরবো বাসায়, পাখসাট জল্পনা।

এ পৃথিবী জটিল বড়ো, পরিযায়ী মন,
গুনে গুনে পা ফেলা, তবুও বিপদ সর্বক্ষণ।

চারিদিকে জাল বিস্তারিত , ভুল করে যদি পড়ো জালে,,
ফিরবার পথ খোলা নেই আর, পানি পাবে না হালে।

শাঁখের করাতে ফালা ফালা হয়ে পাইনি কিছুই সুখ,
মনভারে তাই বাড়ছে বিবিধ নাম না জানা অসুখ।

আশিবিষ আজ দংশায় হৃদি , মনেই রক্তক্ষরণ,,,
মেলেনি হিসাব সিঁড়ি ভাঙ্গা অঙ্কে, মেলেনি সমীকরণ।

গড়মিল সব উপপাদ্য আজ, কাঁটায় ভরা ফুল,
ভুলের মাসুল গোনাই বৃথা, জীবন সায়াহ্নে দেখি সবটাই তো ভুল।

শুধু তুই আর আমি, হারাবোই আজ খুলবো মনের বন্ধ দরজা,,
মুক্তির পথে, ট্রেনলাইন ধরে হাঁটবো দুজনে,
শ্বাস নেবো তরতাজা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )