কৃষ্ণা গুহ (কলকাতা)

বৃষ্টি আজ মন ছুঁলো না, এক ছাতায় হলো না পথ চলা!
সেই আনন্দটাই আর নেই .,..,
একটা মেঘ রোদ্দুরের খেলা চলছিল কদিন ধরে!
আজ আষাঢ়ে ঝরল অবশেষে ।
বৃষ্টি এলো আমার উঠোন জুড়ে ,
তবুও ভিজলো না আমার কবিতার খাতা!
লেখার কথা ভাবলেই কালো মেঘ সামনে এসে দাঁড়ায় ,
হিমেল হাওয়ায় ঝমঝম বৃষ্টি !
মনে হয় এ যেন কেমন মেঘের অনাহুত সৃষ্টি।
মেঘের কাছে চেয়েছিলাম একটু প্রীতির জল,
সে জলে সিঞ্চন করবে আমার স্বচ্ছ মন।
একটা অনুরণন তুলবে ভালোবাসার শ্রাবণ!
জ্যোৎস্না মাখা জলে
ভিজবে আমার কবিতার খাতা —
শব্দরা সজীব হবে,
শাল পিয়ালের বনে মনময়ুরী পেখম তুলবে!
মায়াবী আবেশে আমার কবিতার খাতা ভরে উঠবে বৃষ্টির ভালোবাসায়।
জানি আষাঢ় এলে বৃষ্টি আসবে ঝেড়ে—
শ্রাবণ তুমি আর কত দূরে?