বিশ্ব আদিবাসী দিবস পালিত হল আসানসোল রবীন্দ্রভবনে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার, আসানসোল -:বিশ্বের ৭০টি দেশে প্রায় ৫০ কোটির বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করলেও আজও তাদের অধিকাংশই বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এখনো জোর করে আদিবাসীদের জমি দখল করে নেওয়া হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান বা মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ তাদের নাই। দেশ এগিয়ে গেলেও বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতের বাইরে রেখে কোনো দেশের পক্ষে প্রকৃত উন্নয়ন করা কখনোই সম্ভব নয়। জাতিসংঘের ৬১তম অধিবেশনে United Nation Declaration on the Rights of Indigenous Peoples বা আদিবাসীদের অধিকার সম্পর্কিত ঘোষণাপত্র উত্থাপন করা হয়। বলা হয় আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে, মাতৃভাষায় শিক্ষার অধিকার দিতে হবে,সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে নিজের মতো করে পরিচালনার অধিকার দিতে হবে ইত্যাদি। ঘোষণা পূরণের লক্ষ্যে জাতিসংঘ ১৯৯৩ সালকে প্রথমবার `আদিবাসী বর্ষ` হিসাবে ঘোষণা করে। পরের বছর ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছর ৯ ই আগষ্ট দিনটিকে `বিশ্ব আদিবাসী দিবস` হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আদিবাসী জনগণের মানবাধিকার, ঐতিহ্য রক্ষা, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও গণসচেতনতা সৃষ্টি করাই হলো বিশ্ব আদিবাসী দিবস পালনের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণের জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে এই রাজ্যেও যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়ে চলেছে বিশ্ব আদিবাসী দিবস। শনিবার আসানসোল রবীন্দ্র ভবনে অল ইন্ডিয়া, আদিবাসী কোঅর্ডিনেসান কমিটির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি র‍্যালি বার করেন। আশ্রম মোড় থেকে সেই র‍্যালি রবীন্দ্র ভবনে এসে শেষ হয়। তাতে আসানসোলে ও তার আশপাশের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী সম্প্রদায়ের বিপুল সংখ্যায় মানুষেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে আদিবাসী সমাজের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক, সাথে ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি বিষ্ণু দেব নুনিয়া, আসানসোল পুরনিগমের এম এম আই সি গুরুদাস চ্যাটার্জী, কমিটির পক্ষ থেকে হীরালাল সরেন মতিলাল সরেন প্রমুখ। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদিবাসী সম্প্রদায় ছাড়া কোনও দেশ কল্পনা করা যায় না। আদিবাসীরা প্রতিটি সমাজ ও জাতির মেরুদণ্ড।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *